Recents in Beach

ব্রেকিং নিউজ

নাফ নদীতে জেলের বড়শিতে ৩৪.৫ কেজি ওজনের কোরাল মাছ, বিক্রি ৪১ হাজার টাকায়

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীতে এক জেলের বড়শিতে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের এক জোড়া কোরাল মাছ ধরা পড়েছে। মাছ দুটি বিক্রি হয়েছে ৪১ হাজার টাকায়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া এলাকার জেলে নুর মোহাম্মদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।

জেলে নুর মোহাম্মদ জানান, সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকায় নাফ নদীর মোহনায় বড়শি ফেলেন তিনি। প্রায় তিন ঘণ্টা পর বড়শি টেনে তুলতে গিয়ে ভারী মনে হওয়ায় পাশের আরেক জেলের সহায়তা নেন। বড়শি তুলতেই ধরা পড়ে একটি কোরাল মাছ। এরপর আবার বড়শি ফেললে প্রথমে তিনবার ব্যর্থ হন, তবে চতুর্থবার আরও একটি বড় কোরাল মাছ পান, যার ওজন প্রায় ২২ কেজি।

নুর মোহাম্মদ বলেন, মাছ দুটি টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী আজগর আলীর কাছে ১,২০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী আজগর আলী জানান, সম্প্রতি নাফ নদীতে বড়শিতে বড় কোরাল মাছ ধরা পড়ছে। চট্টগ্রামে দেশি বড় কোরালের চাহিদা ও দাম বেশি থাকায় বরফ দিয়ে ফ্রিজিং করে মাছ দুটি চট্টগ্রাম ফিশারিঘাটে পাঠানো হবে।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “নাফ নদীর কোরাল মাছ সুস্বাদু হওয়ায় দামও ভালো পাওয়া যায়। সঠিক পরিবেশ পেলে একেকটি মাছ ৩০–৩৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। প্রজনন মৌসুম ও সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় এখন বড় বড় কোরাল ধরা পড়ছে।”

Post a Comment

0 Comments