সিবি ডেক্স: হুট করেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। যদিও বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী ছিলেন, তবুও বোর্ড পরিচালকদের বৃহস্পতিবারের এক জরুরি জুম মিটিংয়ের সিদ্ধান্তে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
এই পরিবর্তনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হলেও, শান্ত-মিরাজ দ্বন্দ্বের সম্ভাবনার প্রশ্নে ইতোমধ্যেই শান্তির বার্তা দিয়েছেন মিরাজ।
সংবাদ সম্মেলনে মিরাজ জানান, “শান্তর সঙ্গে আমার কথা হয়েছে। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে খেলি। ক্যাপ্টেন কে হলো সেটা বড় বিষয় না—দলকে কতদূর নিয়ে যেতে পারি, সেটাই মূল।”
মিরাজ আরও বলেন, “ও যখন অধিনায়ক ছিল, আমি তাকে সাহায্য করেছি। এখন আমি দায়িত্বে, ও নিশ্চয় আমাকে সাহায্য করবে। আমরা একসঙ্গে দেশের জন্য খেলি, দেশের জন্য কাজ করবো।”
মিরাজের মতে, অধিনায়ক হিসেবে শান্তর পারফরম্যান্স ভালো ছিল। তবে বোর্ড নতুন কৌশল ও পরিবর্তনের অংশ হিসেবে হয়তো নেতৃত্বে এই পরিবর্তন এনেছে। দল বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে থাকায় কিছু নতুন চিন্তা-ভাবনার দরকার ছিল বলে ইঙ্গিত দেন তিনি।
এ সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে বিভাজনের সম্ভাবনা নাকচ করে মিরাজ বলেন, “ড্রেসিংরুমে এর প্রভাব পড়বে না। আমরা দুইজনই পেশাদার। নেতৃত্ব নয়, দলের সাফল্যই আমাদের প্রথম লক্ষ্য।”
এই নেতৃত্ব বদল ঘিরে ভক্ত-সমর্থকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, মিরাজের এই সদর্থক ও দায়িত্বশীল বক্তব্য দলীয় ঐক্যের বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
0 Comments