Recents in Beach

ব্রেকিং নিউজ

সরকার হাট পশুর হাট ঘিরে ৫ কিলোমিটার যানজট: অর্ধলক্ষ মানুষ দুর্ভোগে

সিবি ডেক্স: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকার হাটে কোরবানির গরুর হাট ঘিরে সৃষ্ট হয়েছে নজিরবিহীন যানজট। সোমবার (২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তৈলারদ্বীপ সেতুর দুই পাশে প্রায় ৫ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটে আটকে পড়ে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ। স্থানীয়রা বলছেন, বাজারসংলগ্ন সড়কে গরু ওঠানামা, যাত্রী পারাপার ও পার্কিং-ব্যবস্থার বিশৃঙ্খলা এই পরিস্থিতির জন্য দায়ী।

বৃষ্টিমুক্ত দিনে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় পশুর হাটে হাজার হাজার ক্রেতা ও পাইকার ভিড় করেন। ফলে বারখাইন ঝিওরী মাজার গেট থেকে চানপুর পর্যন্ত সড়কে দীর্ঘ যানজট স্থায়ী হয়। অ্যাম্বুলেন্স, বাসসহ সব ধরনের যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

যাত্রীদের অভিযোগ, পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনায় ঘাটতি থাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে। এদিকে আনোয়ারা থানার ওসি দাবি করেছেন, যানজট নিয়ন্ত্রণে পুলিশ-ট্রাফিক যৌথভাবে কাজ করেছে, তবে গাড়ির চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে।

এ পরিস্থিতিতে পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা ও আগাম প্রস্তুতি না থাকলে ঈদকেন্দ্রিক পশুর হাটগুলোতে জনদুর্ভোগ আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সচেতনরা।

Post a Comment

0 Comments