Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদযাত্রায় যমুনা সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড, একদিনে পারাপার ৬৪ হাজার যানবাহন

সিবি ডেক্স: ঈদুল আজহার ছুটি উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঢল নামে দেশের মহাসড়কগুলোতে। এর প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে যমুনা সেতুতে। এবারের ঈদযাত্রায় একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপারের মাধ্যমে সেতুতে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এতে আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা টোল, যা সেতুর ইতিহাসে সর্বোচ্চ আয়।

পরিসংখ্যানে দেখা গেছে, সেতু পূর্ব টোল প্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গেছে ৪৩ হাজার ৩টি গাড়ি, যাতে আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। আর পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় ফিরেছে ২১ হাজার ২৮০টি যানবাহন, এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

এর আগের রেকর্ড ছিল ২০২৩ সালের ২৮ জুন, ঈদযাত্রায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন পার হয়ে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছিল।

সেতু কর্তৃপক্ষ বলছে, এবার ঈদের আগে টানা ১০ দিনের ছুটি থাকায় মানুষের যাতায়াত বেড়েছে, যার কারণে এই নজিরবিহীন চাপ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Post a Comment

0 Comments