সিবি ডেক্স: খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বেগ লিয়াকত আলী (৭০)-কে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে খুলনার ফুলবাড়ী গেট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৫ আগস্ট সরকারের পতনের পর বেগ লিয়াকত আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গুরুতর মামলা রয়েছে। সম্প্রতি তিনি এক মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় আসলে জনরোষের মুখে পড়েন। অতীতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর তার দমন-পীড়নের অভিযোগ রয়েছে।
ঘটনার সময় জনতা তাকে ঘিরে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পরবর্তীতে খানজাহান আলী থানা পুলিশকে খবর দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বেগ লিয়াকত মাটিতে বসা অবস্থায় এবং একজন ব্যক্তি তার জামার কলার ধরে রেখেছেন। আশপাশের লোকজন তাকে ঘিরে ফেলে বিভিন্ন সময় তার দ্বারা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।
থানার ওসি মো. কবির হোসেন জানান, “তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে।”
এ ঘটনার পর খুলনা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
0 Comments