সিবি ডেক্স: ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দেখা দিয়েছে প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ যানজট। বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে টাঙ্গাইলের আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে প্রচণ্ড গরমে, চরম ভোগান্তিতে।

পুলিশ জানিয়েছে, হঠাৎ অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতু পার হওয়ার সময় সিরাজগঞ্জ অংশে ধীরগতি এই যানজটের প্রধান কারণ। যান চলাচল থেমে থেমে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে হাইওয়ে পুলিশ।

এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জানান, “যানবাহনের অত্যধিক চাপের কারণে যানজট হয়েছে। আমরা নিরবচ্ছিন্নভাবে যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।”
এদিকে যানজট কমাতে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধু উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে।

ঘরমুখো মানুষ বলছেন, আগেভাগেই বাড়ি ফিরতে রওনা হলেও দীর্ঘ জ্যামের কারণে ভ্রমণ এখন দুর্বিষহ হয়ে উঠেছে। নারী, শিশু ও বৃদ্ধদের কষ্ট সবচেয়ে বেশি।

সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ঈদযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।