আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে দীর্ঘ চৌদ্দ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে তিনি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সোমবার সকাল ১০টা থেকে এই বিক্ষোভ ও অবরুদ্ধ কর্মসূচি শুরু হয়েছিল। বিক্ষোভ ও অবরোধ চলাকালীন রাত ১০টায় উপাচার্যের দপ্তরে একটি জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে অফিস আদেশের মাধ্যমে জানানো হয়, ১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দাবি এবং ক্যাম্পাসে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হয়। অন্যদিকে আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি পালন করেন। তাঁরা ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা চালালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা মূল ফটক আটকে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
চাকরিতে পুনর্বহাল ও বকেয়া ভাতার দাবিতে চলা বিক্ষোভে চৌদ্দ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরিস্থিতি বিবেচনায় তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।


0 Comments