ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম। বুধবার সকালে এই পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও চিকিৎসকদের আচরণ সম্পর্কে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসকদের কক্ষ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার বিভাগ ও রান্নাঘরসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি কোথাও কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও মানসম্মত স্বাস্থ্যসেবা বজায় রাখতে কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রিতম সরকারসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম জানান, এই হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের কিছুটা সংকট রয়েছে এবং এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, রোগীরা চিকিৎসাসেবা, খাবার ও ওষুধের বিষয়ে সন্তোষজনক মতামত দিয়েছেন। তবে কিছু চিকিৎসকের গোপালপুর হাসপাতালে সংযুক্তি থাকলেও তারা ঢাকায় কর্মরত থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে এবং সমস্যাগুলো চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে বলে জানান তিনি।

সংক্ষেপে:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম

0 Comments