মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ২০২৬ সালের ছুটির কাঠামোর ধারাবাহিকতা বজায় রেখে আগামী ২০২৭ সালেও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটির বিধান রাখা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বর্তমান বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার মূল দিনে সাধারণ ছুটি বহাল থাকবে। এর পাশাপাশি ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন এবং ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত থাকবে। এছাড়া শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে তিনি উল্লেখ করেন। প্রস্তাবিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে সর্বমোট ২৯ দিন ছুটি থাকবে। তবে এই ২৯ দিনের মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে। এর আগে গত ২ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের এই ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত তালিকায় সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ১৪ দিন ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনের সাথে মিলে গেছে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর আজ প্রকাশিত হতে পারে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা। সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে।


0 Comments