নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন, যার ফলে পুরো কাঠেরপুল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে এই বিক্ষোভ আন্দোলনে অংশ নেন। এসময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলনে যোগ দিলে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পাল্টাপাল্টি ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কাঠেরপুল ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতি মোকাবেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি বিজিবির অন্তত চার প্লাটুন সদস্য ওই এলাকায় মোতায়েন রয়েছে। এর আগে গতকাল দ্বিতীয় দিনের মতো ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন পোশাক কারখানার শ্রমিকরা। সে সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য হিউম্যান চেইন করে ব্যারিকেড দিয়ে রাখার চেষ্টা করলেও তা ভেঙে শ্রমিকরা মূল সড়কে উঠে আসেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে কাঠেরপুল এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।


0 Comments