স্মার্টফোনে নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর সেটি কনট্যাক্ট, অবস্থান বা ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইতে পারে। সব অ্যাপের ক্ষেত্রে এই অনুমতিগুলোর প্রয়োজন না থাকলেও ক্যামেরার প্রয়োজন নেই এমন অনেক অ্যাপও এই সুবিধা চায়। অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসি সেটিংস ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই এই অনুমতিগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। কোনো অ্যাপ ক্যামেরা ব্যবহার করতে পারবে কি না, তা ব্যবহারকারী নিজেই নির্ধারণ করতে পারবেন। কোন কোন অ্যাপ ক্যামেরা ব্যবহারের অনুমতি পেয়েছে তা জানতে অ্যান্ড্রয়েড ফোনের বিল্ট-ইন পারমিশন ম্যানেজার ব্যবহার করা যায়। এর জন্য প্রথমে ফোনের সেটিংস অপশনে প্রবেশ করে প্রাইভেসি নির্বাচন করতে হবে। সেখান থেকে পারমিশন ম্যানেজার অপশনে গিয়ে ক্যামেরা নির্বাচন করলে তালিকায় থাকা অ্যাপগুলোর ক্যামেরা ব্যবহারের অনুমতি যাচাই করা সম্ভব। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাপের অনুমতি চালু বা বন্ধ করে দেওয়া যায়। এই ফিচারের মাধ্যমে ক্যামেরার পাশাপাশি অন্যান্য প্রাইভেসি অনুমতিও দেখা ও নিয়ন্ত্রণ করা সম্ভব। অ্যাপের কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের অনুমতি প্রয়োজন হতে পারে। যেমন গুগল ম্যাপসের মতো নেভিগেশন অ্যাপের ক্ষেত্রে অবস্থান জানার অনুমতি লাগতে পারে এবং স্ন্যাপচ্যাটে ছবি বা ভিডিও তোলার জন্য ক্যামেরার অনুমতি দরকার হয়। তবে অ্যাপের মূল কাজের সঙ্গে সম্পর্ক নেই এমন অনুমতি দেওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন। স্মার্টফোনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপের অনুমতি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যামেরা বা অবস্থান ব্যবহারের সুযোগ পেলে কিছু অ্যাপ বা প্রতিষ্ঠান সেই তথ্য বিজ্ঞাপন প্রদর্শনের কাজে ব্যবহার করতে পারে। এছাড়া ক্যামেরার অনুমতি অপব্যবহারের ঝুঁকিও রয়েছে। কোনো অ্যাপের নিরাপত্তাব্যবস্থায় দুর্বলতা থাকলে হ্যাকাররা তা কাজে লাগিয়ে স্মার্টফোনের ক্যামেরায় প্রবেশের চেষ্টা করতে পারে, যার ফলে দূর থেকে ক্যামেরা চালু করে ছবি বা ভিডিও ধারণের আশঙ্কা তৈরি হয় এবং ব্যবহারকারীর গোপনীয়তা ঝুঁকিতে পড়ে। অ্যান্ড্রয়েড ফোনে কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করলে তা শনাক্ত করার ব্যবস্থাও রয়েছে। ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের অনুমতি প্রয়োজন এমন অ্যাপ চালু করলে স্ক্রিনের ওপরের ডান দিকে সবুজ রঙের একটি সংকেত দেখা যায়। ওই সংকেতে ট্যাপ করলেই জানা সম্ভব কোন অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করছে। অনুমতি পরিবর্তন করতে চাইলে আবারও পারমিশন্স অপশনে গিয়ে প্রয়োজনীয় সেটিংস বদল করা যাবে।
অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপের ক্যামেরা ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণ করে সুরক্ষিত রাখুন ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা।


0 Comments