চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে অর্পিতা দাশ নামে ৩৫ সপ্তাহের এক অন্তঃসত্ত্বা তরুণী ও তার অনাগত সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অর্পিতার মৃত্যুর পর তার মৃত পুত্রসন্তানটি প্রসব করানো হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাস্টমস কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী অর্পিতা গত বছরের ১৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি মাসের শুরুতে তার জ্বর দেখা দিলে ৬ সেপ্টেম্বর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন তাকে নগরীর মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, অর্পিতা ‘ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিন্ড্রোম’-এ আক্রান্ত ছিলেন, যা এই রোগের একটি অত্যন্ত জটিল পর্যায়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি ও তার অনাগত সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এর মাত্র কয়েক দিন আগে চট্টগ্রামে সন্তান জন্মদানের এক মাস পর রাশেদা বেগম রিমা নামে আরেক নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা অর্পিতা দাশ ও তার অনাগত সন্তান। চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।


0 Comments