চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্রসহ মো. মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি টং ঘর থেকে তাকে আটক করা হয়। শনিবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাসেল এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতিতে থাকা অন্য সহযোগীরা গহিন জঙ্গলে পালিয়ে গেলেও মোবারককে গ্রেপ্তার করা সম্ভব হয়। তার কাছ থেকে দুটি তরবারি, বিভিন্ন ধরনের চারটি দা, একটি লোহার শাবল, একটি ছুরি, একটি এসএস পাইপ ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গ্রেপ্তারকৃত মোবারক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেবিট ইমন এবং কালা মোবারকের অন্যতম সহযোগী। তিনি বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এই ঘটনায় মোবারকসহ পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ১০টি দেশীয় অস্ত্রসহ মোবারক হোসেন ওরফে টেস্টার মোবারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


0 Comments