ইন্দোনেশিয়ার জাভা সাগরে তীব্র ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে ২৪৩ জন আরোহীসহ একটি যাত্রীবাহী ফেরি দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং ১০২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী, যাদের সন্ধানে সমুদ্রে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ‘ভির্গো ট্র্যান্সপোর্ট ৮’ নামের এই ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিনের দিকে যাচ্ছিল। শনিবার মধ্যরাতে বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বৈরী আবহাওয়ার কারণে জাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উদ্ধার তৎপরতা চালাতে দুর্ঘটনাস্থলে ইতোমধ্যে একাধিক উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। এছাড়া আশপাশের সমুদ্রসীমায় থাকা অন্যান্য নৌযানগুলোকেও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভৌগোলিক কারণে ইন্দোনেশিয়ায় যাতায়াতের প্রধান মাধ্যম ফেরি হলেও দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ যাত্রী নিয়ে ফেরি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ১ জনের মৃত্যু ও শতাধিক নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।


0 Comments