ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ হওয়া দুই বন্ধুর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদ (২২) নামের ওই দুই যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করেছে। জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের বালুর মাঠ এলাকায় নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু। হঠাৎ পাড় ধসে পড়লে তারা সবাই নদীতে তলিয়ে যান। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন। নিখোঁজ আমজাদ ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে এবং রাকিব শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ তল্লাশি শুরু করে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে রাতে উদ্ধার কাজ ব্যাহত হয়। পরে বৃহস্পতিবার সকালে ডুবুরি দল এসে পুরোদমে কাজ শুরু করে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে। এদিকে স্বজনদের আহাজারিতে মেঘনার তীরবর্তী এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ১৫ ঘণ্টা পার হলেও আমজাদ ও রাকিবের খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ কোস্টগার্ড ও নৌ-পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।


0 Comments