কন্নড় তারকা যশের বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির শুরুতে দারুণ সাড়া ফেললেও শেষ পর্যন্ত বক্স অফিসে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে মুক্তির দ্বিতীয় দিন থেকেই ছবিটির আয়ে ধস নামে। শেষ পর্যন্ত বড় অঙ্কের আর্থিক লোকসান নিয়ে প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে সিনেমাটি।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিশ্বজুড়ে ‘টক্সিক’ মোট ৩১২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। তবে এর বিপরীতে ছবিটির লোকসানের পরিমাণ প্রায় ৩০০ কোটি রুপি বলে দাবি করা হচ্ছে। ভারতের বাজারে সিনেমাটি মোট ২৬৬ কোটি ৭৫ লাখ রুপি সংগ্রহ করেছে। এর মধ্যে হিন্দি বলয় থেকে ১৪৯ কোটি এবং কর্ণাটক থেকে ৭৩ কোটি ৫০ লাখ রুপি এসেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ২৯ কোটি, তামিলনাড়ুতে ১১ কোটি ৫০ লাখ এবং কেরালায় ৩ কোটি ৭৫ লাখ রুপি আয় হয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৪৫ কোটি ৫০ লাখ রুপি।
মুক্তির প্রথম দিন ভারতে ১১২ কোটি রুপি আয় করে শক্তিশালী সূচনা করেছিল ‘টক্সিক’। প্রথম সপ্তাহ শেষে ভারতের বাজারে আয় ছিল প্রায় ২৫৬ কোটি রুপি। তবে দ্বিতীয় সপ্তাহে অধিকাংশ প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নেমে যাওয়ায় আয় মাত্র ৯ কোটিতে ঠেকে। তৃতীয় সপ্তাহান্তে ছবিটির আয় মাত্র ৭৫ লাখ রুপির কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যশের তারকাখ্যাতি ও বড় বাজেটের কারণে সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত এটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় লোকসানি প্রজেক্ট হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।
কন্নড় সুপারস্টার যশের ‘টক্সিক’ সিনেমার বক্স অফিসে বড় বিপর্যয়। প্রথম দিন দারুণ শুরুর পর দর্শকদের নেতিবাচক প্রতিক্রিয়ায় ৩০০ কোটি রুপি লোকসানের মুখে পড়েছে সিনেমাটি। বিশ্বজুড়ে মোট আয় ৩১২ কোটি ৫০ লাখ রুপি।


0 Comments