কক্সবাজারের বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট এলাকায় পুলিশ বক্স স্থাপনের ভুয়া আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে জিয়াবুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর মডেল থানা-পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত জিয়াবুল চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে। তিনি বর্তমানে সৈকতপাড়া এলাকায় বসবাস করতেন এবং সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রতারক চক্র কক্সবাজারের সীগাল হোটেল, হোটেল সাম্পান ও হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকাখচিত হোটেলে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা ওইসব এলাকায় স্থায়ী পুলিশ বক্স স্থাপনের কথা বলে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এই ঘটনায় ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তদন্তের ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে জিয়াবুলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ভিন্ন অ্যাকাউন্টের চেক বই এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজারের অভিজাত হোটেলগুলোতে পুলিশ বক্স স্থাপনের ভুয়া আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে জিয়াবুল হক নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে চেক বই ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।


0 Comments