নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ভৈরব থেকে আসা একটি ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তবে এই ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জের ওবায়দুল্লাহ (৩৮), শিবপুরের সৌরভ এবং কাপাসিয়ার শান্তা (১৬)। এছাড়া টাঙ্গাইলের শান্ত (২৪) নামে একজন এখনও নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসলে নামেন তারা। একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যেতে থাকলে তাদের বাঁচাতে গিয়ে সৌরভও নিখোঁজ হন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস তল্লাশি চালালেও তাদের কোনো হদিস পায়নি। পরবর্তীতে শনিবার সকালে ডুবুরি দল পুনরায় অভিযান শুরু করে তিনজনের মরদেহ উদ্ধার করে।
শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান জানান, তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ অপরজনকে উদ্ধারে কাজ চলছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ একজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ডুবুরি দল এই মরদেহগুলো উদ্ধার করে। নিখোঁজ অপরজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


0 Comments