জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল সংসদে পাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে আয়োজিত এই সমাবেশে দলটির নেতারা অভিযোগ করেন, সরকার জনমত উপেক্ষা করে এসব আইন পাস করেছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, উন্নত আইন দেওয়ার কথা বলে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি সতর্ক করে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয় এবং ইতিহাস থেকে শিক্ষা না নিলে এই দুর্বল আইনগুলো একদিন বর্তমান সরকারের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে। গুমের তদন্ত প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত বাহিনীর হাতেই তদন্তের ভার রাখা একটি প্রহসন মাত্র। তিনি গুমের ঘটনার তদন্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান গঠনের দাবি জানান। এছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ভবিষ্যতে নানা জটিলতা ও বিরোধ তৈরি করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সমাবেশে বলেন, বর্তমান সংসদ আগের সরকারের আমলের দমন-পীড়নের ইতিহাস ভুলে গিয়ে একই পথে হাঁটছে। তিনি অভিযোগ করেন, এই সংসদ আওয়ামী লীগের আমলের আইনগুলো ফিরিয়ে এনে জাতীয়তাবাদী শক্তির সঙ্গে প্রতারণা করেছে। সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, আমিনুল ইসলাম, আলতাফ হোসেন ও শাহাদাতুল্লাহ টুটুল। এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদে পাস হওয়া মানবাধিকার ও গুম প্রতিরোধসহ তিনটি আইনের প্রতিবাদে বিক্ষোভ করেছে এবি পার্টি। দলটির দাবি, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে দুর্বল আইন পাস করেছে যা জনস্বার্থবিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিত।


0 Comments