রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় বিনামূল্যে পরীক্ষার সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই অনিয়মের প্রমাণ পান। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের চিকিৎসার নথিপত্র ও পরীক্ষার রিপোর্টগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এ সময় হাসপাতাল চত্বরে উপস্থিত সাংবাদিকদের সামনে জমজম, সততা ও সান নামক তিনটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তসহ সব ধরনের পরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও বাইরের প্রতিষ্ঠানের লোক এসে রক্ত সংগ্রহ করছে, যা অত্যন্ত দুঃখজনক। এই অনিয়মের সঙ্গে যারা জড়িত, তাদের কঠোরভাবে খতিয়ে দেখা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
পরিদর্শনকালে সাধারণ রোগীরা হাসপাতালের লিফট বন্ধ থাকা এবং এক তলা থেকে অন্য তলায় যাতায়াতে চরম ভোগান্তির কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টদায়ক বলে জানান স্বজনরা। স্বাস্থ্যমন্ত্রী সেখানে দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।
চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, সম্ভাব্য চাপ মোকাবিলায় সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে চিকিৎসা সক্ষমতা আরও বাড়ানো হবে। স্বাস্থ্য খাতের অনিয়ম দূর করতে ভবিষ্যতে এ ধরনের ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রমাণ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারি সুবিধা থাকা সত্ত্বেও রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


0 Comments