আশির ও নব্বই দশকের জনপ্রিয় বলিউড জুটি গোবিন্দ ও নীলম কোঠারিকে নিয়ে একসময় প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। দীর্ঘ সময় পর সেই পুরোনো অধ্যায় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী নীলম। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই সময়ে গোবিন্দ যে বিবাহিত ছিলেন, তা তাঁর জানাই ছিল না।
নীলম জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি অত্যন্ত অল্প বয়সী ছিলেন। তখন তাঁর পুরো মনোযোগ ছিল অভিনয় শেখা এবং হিন্দি ভাষা রপ্ত করার দিকে। তাঁর বাবা-মা বেশ কঠোর ছিলেন বলে প্রেমের সম্পর্কের কথা ভাবার কোনো সুযোগ ছিল না। শুটিং সেটেও পরিবারের কেউ তাঁর সঙ্গে থাকতেন এবং সহকর্মীরা তাঁকে শিশুর মতো আগলে রাখতেন।
অন্যদিকে, নব্বইয়ের দশকের শুরুতে এক সাক্ষাৎকারে গোবিন্দ স্বীকার করেছিলেন যে নীলমের প্রতি তাঁর দুর্বলতা ছিল। ১৯৮৭ সালে সুনীতা আহুজাকে বিয়ে করলেও ক্যারিয়ারের স্বার্থে গোবিন্দ তা গোপন রেখেছিলেন। পরবর্তীতে তিনি নিজেই জানিয়েছিলেন যে নীলম তাঁর বিয়ের খবর জানতেন না। এমনকি নীলমের প্রতি আকর্ষণের কারণে একসময় নিজের বৈবাহিক সম্পর্ক নিয়েও দ্বিধায় পড়েছিলেন বলে স্বীকার করেছিলেন এই অভিনেতা।
নীলমের বর্তমান স্বামী অভিনেতা সমীর সোনিও এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, কয়েক দশক আগের অমীমাংসিত বিষয় নিয়ে পড়ে থাকার কোনো অর্থ নেই। তবে গোবিন্দ যে একসময় নীলমের প্রেমে পড়েছিলেন, সেই দাবি সমীরও মনে করিয়ে দেন। বর্তমানে নীলম অভিনয় থেকে দূরে সরে গয়নার ব্যবসায় মন দিয়েছেন এবং রিয়েলিটি শো-এর মাধ্যমে পুনরায় পর্দায় ফিরেছেন।
আশির দশকের জনপ্রিয় জুটি গোবিন্দ ও নীলমকে নিয়ে একসময় প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নীলম জানিয়েছেন, গোবিন্দ যে বিবাহিত ছিলেন তা তিনি জানতেনই না।


0 Comments