সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি এবং তাঁর অসুস্থ মায়ের পাশে থাকার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। বুধবার বিএসপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি জমা দেয়। বিএসপির সভাপতি অনুপ কুমার দত্ত ও সাধারণ সম্পাদক সুমন কুমার রায় স্বাক্ষরিত এই আবেদনে চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি মানবিক ও আইনগত সহযোগিতা কামনা করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের মা বর্তমানে হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর জন্মের আগেই বাবা মারা যাওয়ায় বর্তমানে মায়ের পাশে থাকা তাঁর জন্য অত্যন্ত জরুরি। মানবিক দৃষ্টিকোণ থেকে তাঁকে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন বিএসপির স্থায়ী কমিটির সদস্য প্রনবানন্দ মহারাজ, টনি মল্লিক এবং জাগো হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় বণিক। বিএসপির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় চিন্ময় কৃষ্ণ দাস আট দফা দাবির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তাঁকে একটি মামলায় গ্রেপ্তার করা হয় এবং আরও কয়েকটি মামলায় আসামি করা হয়েছে। বিএসপি দাবি করেছে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। তাই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানানো হয়েছে।
চিন্ময় দাসের মুক্তি ছাড়াও স্মারকলিপিতে আরও আটটি দাবি পেশ করেছে বিএসপি। এর মধ্যে রয়েছে রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা, নারায়ণগঞ্জের কটন মিলের মন্দির উদ্ধার করে পূজা-অর্চনার জন্য উন্মুক্ত করা এবং দেশের সকল নাগরিকের জানমাল ও মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা পালন করা।
চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও অসুস্থ মায়ের পাশে থাকার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি। স্মারকলিপিতে মানবিক ও আইনগত সহযোগিতা কামনা করা হয়েছে।


0 Comments