লিবিয়ায় মৃত্যুর দীর্ঘ আট মাস পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তরিকুল ইসলামের (২৫) মরদেহ দেশে ফিরেছে। শনিবার বিকেলে মরদেহটি তাঁর নিজ গ্রাম আলমপুর ইউনিয়নের গুরুড়াতে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। বিকেল পাঁচটায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের অভাব দূর করার আশায় প্রায় সাত বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তরিকুল। সেখানে অবস্থানকালে গত ৩ জানুয়ারি তিনি অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন স্বজনেরা। তবে আইনি ও প্রশাসনিক নানা জটিলতার কারণে এই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। দীর্ঘ আট মাস অনিশ্চয়তায় থাকার পর অবশেষে শনিবার দুপুরে তরিকুলের মরদেহ ঢাকা বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে বিকেল চারটার দিকে মরদেহটি গ্রামে নিয়ে আসা হয়।
আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোত্তালেব হোসেন জানান, তরিকুল অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। এই কারণে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় লেগেছে। তরিকুলের জানাজায় তাঁর স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
লিবিয়ায় মৃত্যুর আট মাস পর জয়পুরহাটে ফিরল তরিকুল ইসলামের মরদেহ। আইনি জটিলতা কাটিয়ে মরদেহ দেশে ফেরায় স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

0 Comments