তুরস্কের ক্লাব ফেনারবাচে থেকে ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে বার্সেলোনা। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কাতালান ক্লাবটি এই দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। ৩১ বছর বয়সী এই গোলরক্ষকের সাথে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত চার বছরের চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই চুক্তির জন্য বার্সেলোনাকে সর্বোচ্চ ৪ মিলিয়ন ইউরো বা প্রায় ৪৭ লাখ ডলার খরচ করতে হতে পারে।
২০২৩-২৪ মৌসুমের শুরুতে ফেনারবাচেতে যোগ দিয়েছিলেন লিভাকোভিচ। ক্লাবটির হয়ে ৭৪টি ম্যাচ খেলে তিনি ৮০টি গোল হজম করার পাশাপাশি ২৪টি ম্যাচে কোনো গোল খেতে দেননি। গত মৌসুমে তিনি ধারে স্প্যানিশ ক্লাব জিরোনায় থাকলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। তার বিদায়ে ফেনারবাচে কর্তৃপক্ষ তাকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সেমিফাইনালে ওঠার পেছনে লিভাকোভিচের বড় ভূমিকা ছিল। বিশেষ করে জাপান ও ব্রাজিলের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তার অসাধারণ সেভ ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবারের বিশ্বকাপেও তিনি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বার্সেলোনায় তিনি মূলত হুয়ান গার্সিয়ার ব্যাকআপ গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে তার সাথে অভিজ্ঞ পোলিশ গোলরক্ষক ভইচেখ শেজনিও থাকছেন।
ক্রোয়েশিয়ার তারকা গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ফেনারবাচে থেকে আসা এই ফুটবলারের সাথে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেছে কাতালান ক্লাবটি।


0 Comments