ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

উত্তর প্রদেশে বিদ্যুৎ বিভ্রাটে অভিনব প্রতিবাদ: হনুমান চালিসা হাতে প্রকৌশলীকে জেরা গ্রামবাসীদের

উত্তর প্রদেশে বিদ্যুৎ বিভ্রাটে অভিনব প্রতিবাদ: হনুমান চালিসা হাতে প্রকৌশলীকে জেরা গ্রামবাসীদের

ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে এক অভিনব পন্থা বেছে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাতে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হিন্দু ধর্মীয় গ্রন্থ ‘হনুমান চালিসা’ হাতে নিয়ে হাজির হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। সেখানে উপস্থিত উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝার সামনে ধর্মীয় গ্রন্থটি রেখে ২৪ ঘণ্টায় ঠিক কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা শপথ করে জানানোর দাবি তোলেন তাঁরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তাকে ঘিরে ধরে জেরা করছেন। তাঁদের অভিযোগ, উপকেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফিডারে সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। গত ছয় মাস ধরে তাঁরা দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন বলে দাবি করেন।

এদিকে এই ঘটনার পর উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা প্রায় এক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা প্রদান, নথিপত্র বিনষ্ট এবং কর্মীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোজ পাঠক জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বিধায়ক বাবন সিং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তিনি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অপেক্ষমাণ ৫ এমভিএ ট্রান্সফরমারটি দ্রুত চালুর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কড়া নির্দেশ দিয়েছেন।

সংক্ষেপে:
উত্তর প্রদেশের গোন্ডা জেলায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হনুমান চালিসা হাতে উপকেন্দ্রে হাজির হলেন গ্রামবাসীরা। প্রকৌশলীকে শপথ করিয়ে সত্য জানার দাবিসহ নানা অভিযোগে উত্তপ্ত এলাকা।
উত্তর প্রদেশে বিদ্যুৎ বিভ্রাটে অভিনব প্রতিবাদ: হনুমান চালিসা হাতে প্রকৌশলীকে জেরা গ্রামবাসীদের

0 Comments