কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় মোহাম্মদ সোলাইমান প্রকাশ সালমান হত্যার বিচারের দাবিতে করা সড়ক অবরোধ পুলিশের আশ্বাসে তুলে নিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ ও সড়ক অবরোধের ফলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানান, সালমান হত্যার প্রতিবাদে একটি মিছিল বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে সেখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। সমাবেশে বক্তারা দাবি করেন, সালমান নির্দোষ ছিলেন এবং তিনি নিহত নাজিবুল হক রাশেদের বন্ধু হিসেবে তাকে বাঁচাতে চেয়েছিলেন। সিসিটিভি ফুটেজে এর প্রমাণ রয়েছে দাবি করে তারা বলেন, সালমানকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বিক্ষোভ চলাকালে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদুল হাসান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশেদের স্বজনেরা সালমানকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পরে শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালমানের মৃত্যু হয়। শনিবার সকাল ১০টায় শহরের এস এম পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে সালমানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কক্সবাজারে সালমান হত্যার বিচারের দাবিতে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।


0 Comments