কুড়িগ্রামে পুলিশের গ্রেফতার এড়াতে বাসার ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম আইয়ুব। বুধবার দিবাগত মধ্যরাতে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্যাসী গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে তাকে পুলিশি পাহারায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনহাজুল ইসলাম আইয়ুবের বিরুদ্ধে জুলাইয়ের শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি গোপনে নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে তার বাড়ি ঘেরাও করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় টিনের বেড়ায় লেগে তার হাতের দুটি আঙুল মারাত্মকভাবে কেটে যায় এবং পায়ের হাড় ভেঙে যায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল আহমদ জানান, পুলিশ তাকে বারবার ডাকলেও তিনি কোনো সাড়া দেননি। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পেছন দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কুড়িগ্রামে হত্যা মামলার আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম আইয়ুবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে তিনি আহত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন।


0 Comments