কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় একটি হোটেলের বারে মদ্যপান ও কথা কাটাকাটির জেরে রাশেদ নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। ভাঙা বোতলের আঘাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে সোলাইমান ওরফে সালমান নামে একজনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে হোটেল রেনেসাঁর বারে কয়েকজন যুবক একত্রিত হন। সেখানে শহরের ২ নম্বর ওয়ার্ডের আনসার নামে এক ব্যক্তির সঙ্গে রাশেদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আনসার ফোন করে পিটিআই স্কুল এলাকার রাদি ও সালমানকে ডেকে আনেন। পরবর্তীতে হোটেলের বাইরে এসে তারা রাশেদের ওপর ভাঙা বোতল দিয়ে হামলা চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের বন্ধু ও স্বজনেরা অভিযুক্ত সালমানকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওয়াহিদুর রহমান জানান, লাইসেন্সবিহীন ওই বারের ভেতরে ৪-৫ জন যুবকের মধ্যে ঝগড়া হয়। পরে আরও দুজনকে ডেকে এনে রাশেদকে হত্যা করা হয়। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক সালমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
কক্সবাজার শহরের ঝাউতলায় একটি হোটেলের বারে বাকবিতণ্ডার জেরে রাশেদ নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোলাইমান ওরফে সালমান নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।


0 Comments