‘স্কুইড গেম’ খ্যাত দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নির্মাতা হোয়াং দং-হিউক দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন। তার নতুন সিনেমার নাম রাখা হয়েছে ‘কে.ও. ক্লাব’, যা মূলত একটি কল্পবিজ্ঞাননির্ভর থ্রিলার। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘দ্য ফোর্ট্রেস’-এর প্রায় এক দশক পর এটিই হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে ভবিষ্যতের এক চরম বৈষম্যপূর্ণ সমাজকে কেন্দ্র করে। যেখানে বিত্তবানরা অর্থের বিনিময়ে নিজেদের তারুণ্য ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেও তরুণ প্রজন্ম অর্থনৈতিক ও সামাজিক সুযোগ থেকে বঞ্চিত। এই প্রেক্ষাপটে ধনী বৃদ্ধ শ্রেণি ও হতাশ যুবকদের মধ্যে শুরু হয় এক তীব্র সংঘাত। সিনেমার নাম ‘কে.ও. ক্লাব’ মূলত ‘কিলিং ওল্ডমেন ক্লাব’-এর সংক্ষিপ্ত রূপ, যা সমাজে বিদ্যমান প্রজন্মগত ক্ষোভের প্রতিফলন ঘটায়।
এই চলচ্চিত্রে অভিনয় করছেন ‘স্কুইড গেম’-এর ফ্রন্টম্যান খ্যাত অভিনেতা লি বিয়ং-হুন। এছাড়াও থাকছেন পার্ক হে-সু, ওহ জং-সে, চো ইয়ো-জিয়ং এবং কিম সো-জিন। নির্মাতা হোয়াং দং-হিউক ও প্রযোজক কিম জি-ইয়নের প্রতিষ্ঠান ‘ফার্স্টম্যান স্টুডিও’ সিনেমাটি প্রযোজনা করবে। ২০২৭ সালের প্রথমার্ধে এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ‘মিস গ্র্যানি’ ও ‘সাইলেন্সড’ নির্মাণ করে এবং ‘স্কুইড গেম’-এর জন্য এমি পুরস্কার জিতে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন হোয়াং।
‘স্কুইড গেম’ খ্যাত নির্মাতা হোয়াং দং-হিউক ফিরছেন নতুন সিনেমা ‘কে.ও. ক্লাব’ নিয়ে। বৈষম্যপূর্ণ সমাজ ও প্রজন্মগত সংঘাতের এই থ্রিলার সিনেমার শুটিং শুরু হবে ২০২৭ সালে। অভিনয়ে থাকছেন লি বিয়ং-হুন।


0 Comments