কুড়িগ্রামের উলিপুর উপজেলায় টানা ৪০ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে মো. শুক্কুর আলীকে (৭০) রাজকীয় সম্মাননায় বিদায় জানিয়েছে এলাকাবাসী। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়া এই মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। অনুষ্ঠান শেষে তাকে ঘোড়ার গাড়িতে বসিয়ে গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ তার সাথে ছিলেন।
মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন জানান, শুক্কুর আলী দীর্ঘ চার দশক অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বার্ধক্যের কারণে তিনি নিজেই অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। বিদায় বেলায় তাকে নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
স্থানীয় মুসল্লি রিপন মিয়া জানান, শুক্কুর আলী অত্যন্ত সাদাসিধে মানুষ ছিলেন। তিনি পাঁচ ওয়াক্ত আজান দেওয়ার পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন। সাধারণত বিদায় অনুষ্ঠানে প্রচলিত যানবাহন ব্যবহার করা হলেও দীর্ঘদিনের এই মুয়াজ্জিনকে ভিন্নভাবে সম্মান জানাতেই ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়।
কুড়িগ্রামের উলিপুরে ৪০ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করা শুক্কুর আলীকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায় জানিয়েছে এলাকাবাসী। বার্ধক্যের কারণে অবসর নেওয়া এই গুণী মানুষকে সম্মান জানাতেই এমন ব্যতিক্রমী আয়োজন।


0 Comments