পুরান ঢাকার অলিগলিতে ছড়িয়ে থাকা শত বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনাগুলো যথাযথ সংরক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ছে। বিশেষ করে সূত্রাপুর জমিদার বাড়ি এবং ফরাসগঞ্জের রূপলাল হাউজ এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে।
বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রভাবশালী জমিদার রেবতী মোহন দাস সূত্রাপুর জমিদার বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে ব্রিটিশ আমলে তার ছেলে জমিদার রায় বাহাদুর সত্যেন্দ্রনাথ কুমার দাস এই বাড়ির মালিকানা পান। বর্তমানে এই ঐতিহাসিক ভবনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বসতি হিসেবে ব্যবহারের ফলে প্রত্নতত্ত্ব বিভাগ ভবনটির যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছে না। ফলে অসাধারণ কারুকার্যমণ্ডিত এই স্থাপনাটি দিন দিন তার শ্রী হারাচ্ছে।
অন্যদিকে, ১৮২৫ সালে আর্মেনীয় ব্যবসায়ী স্টিফেন আরাটুন ফরাসগঞ্জে নির্মাণ করেন রূপলাল হাউজ। ১৮৪০ সালে এটি কিনে নেন ব্যবসায়ী রূপলাল দাশ ও তার ভাই রঘুনাথ দাশ। এক সময় আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত এই অট্টালিকায় ১৮৮৬ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিনের সম্মানে বল ডান্স পার্টির আয়োজন করা হয়েছিল। এমনকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অনেক গুণী শিল্পী এখানে আসতেন বলে ইতিহাসে উল্লেখ আছে। তবে বর্তমানে এই বিশাল অট্টালিকাটি চরম অবহেলায় পড়ে আছে। দেয়াল ধসে পড়া, সিলিং ভেঙে যাওয়া এবং আগাছা জন্মানোর ফলে ভবনটি তার অস্তিত্ব হারাতে বসেছে। প্রত্নতত্ত্ব বিভাগ আংশিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেলেও মালিকানা জটিলতায় পুরো ভবনটি এখনো সংস্কার করা সম্ভব হয়নি।
পুরান ঢাকার ঐতিহাসিক সূত্রাপুর জমিদার বাড়ি ও রূপলাল হাউজ এখন ধ্বংসের মুখে। সংরক্ষণের অভাব ও অযত্নে হারিয়ে যাচ্ছে শত বছরের পুরনো এই স্থাপত্যশৈলী। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।


0 Comments