মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। রোববার ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এই প্রার্থীর নাম ঘোষণা করেন। মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি। তিনি এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনেও ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট পেয়েছিলেন দেলাওয়ার হোসেন।
জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, মাওলানা আব্দুল হাকিম, আনোয়ারুল ইসলাম এবং ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচনে বিশ্বাসী। তিনি আশা প্রকাশ করেন, আগামী উপনির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তাদের প্রার্থী বিজয়ী হবেন। বিগত নির্বাচনে ফলাফল জালিয়াতির মাধ্যমে জামায়াতের বিজয় ঠেকানো হয়েছে বলে তিনি তার বক্তব্যে দাবি করেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়।


0 Comments