চট্টগ্রাম নগরের রহমতগঞ্জ এলাকার একটি বাসার গ্যারেজ থেকে বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা। বৃহস্পতিবার বিকেলে নগরের সাত্তার মঞ্জিলের গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, গাড়িটি পূর্ণাঙ্গ অবস্থায় আমদানি না করে যন্ত্রাংশ হিসেবে দেশে আনা হয়েছিল। পরবর্তীতে স্থানীয়ভাবে সেগুলো সংযোজন করে অন্য একটি পুরোনো বিএমডব্লিউ গাড়ির নিবন্ধন নম্বর ব্যবহার করে রাস্তায় চালানো হচ্ছিল।
অভিযান চলাকালে জব্দ করা গাড়িটিতে ‘চট্ট মেট্রো-গ ১১-৩৬৫১’ নম্বর প্লেট পাওয়া গেছে। কাস্টমস গোয়েন্দাদের মতে, গাড়িটির বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। সংস্থাটির চট্টগ্রামের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, মোংলা বন্দরে চারটি গাড়ি জব্দের ঘটনার রেশ ধরে চট্টগ্রামে এই অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গাড়িটি যন্ত্রাংশের নামে আমদানি করে দেশে জোড়া লাগানোর প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে আমদানিকারক ও শুল্ক ফাঁকির সঠিক পরিমাণ নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত প্রয়োজন।
গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই জালিয়াতির সঙ্গে মোহাম্মদ আইয়ুব নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুবাই থেকে গাড়িটির বিভিন্ন অংশ বাংলাদেশে পাঠানো হয়েছিল। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং চাবি দিতেও অস্বীকৃতি জানান। পরে ক্রেন ব্যবহার করে গাড়িটি ট্রাকে তুলে আগ্রাবাদে গোয়েন্দা অধিদপ্তরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এই জালিয়াতি চক্রের পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা বিভাগ।
চট্টগ্রামে যন্ত্রাংশ হিসেবে আমদানি করে দেশে জোড়া লাগানো একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দারা। অন্য একটি পুরোনো গাড়ির নিবন্ধন নম্বর ব্যবহার করে এটি চালানো হচ্ছিল।


0 Comments