চাঁদপুর শহরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে পটিয়ার দলঘাট দাসপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক পিন্টু দাস চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটে ‘এস কে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়’ নামক প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ সূত্রে জানা গেছে, পিন্টু দাস তাঁর স্ত্রী ও দুই সন্তান নিয়ে চাঁদপুরের কালীবাড়ি মন্দির এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তাঁর বাসা ও দোকান তালাবদ্ধ ছিল। অভিযোগ ওঠে যে, তিনি গ্রাহকদের বন্ধকি স্বর্ণালংকার এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে সপরিবার আত্মগোপন করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্তে নামে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, চাঁদপুর মডেল থানার পুলিশের একটি দল পিন্টু দাসকে নিয়ে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) কালাম গাজী। তিনি জানান, পিন্টু দাস নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২২ আগস্ট তাঁর বাসার মালিক রাসেল খান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এর ভিত্তিতে পুলিশ চাঁদপুর ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে অবশেষে চট্টগ্রামের পটিয়া থেকে তাঁকে সপরিবার আটক করে।
চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পিন্টু দাস আত্মগোপনে ছিলেন এবং তাঁকে পালিয়ে যেতে সহায়তাকারী এক ট্রাকচালকের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। তিনি আরও জানান, পিন্টু দাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা হয়নি। তবে কোনো পাওনাদার অভিযোগ বা মামলা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে আটক করেছে পুলিশ। গ্রাহকের স্বর্ণ ও অর্থ আত্মসাৎ করে সপরিবার আত্মগোপনে থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়।


0 Comments