রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী "এমস্কয়ার ফিট—সিজন টু: দ্য ওয়েডিং এডিট"। গত ২৭ আগস্ট থেকে শুরু হওয়া এই আয়োজনটি মূলত একটি ওয়েডিং ফেস্ট হলেও এখানে বিয়ের কেনাকাটার পাশাপাশি লাইফস্টাইলের নানা অনুষঙ্গ স্থান পেয়েছে। হোটেলের গ্র্যান্ড বলরুম, উৎসব হল এবং পুলসাইড—এই তিনটি অংশে বিভক্ত হয়ে মেলাটি চলছে। পুলসাইডে দর্শনার্থীদের জন্য ফুড হলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে বাকি দুটি অংশে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পসরা সাজানো হয়েছে। শাড়ি, গয়না, প্রসাধনী থেকে শুরু করে ঘর সাজানোর আসবাবপত্র পর্যন্ত সবকিছুই এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে। আয়োজকরা জানান, এবারের মেলায় দুই শতাধিক ব্র্যান্ড অংশ নিয়েছে, যার প্রায় ৯৫ শতাংশই বাংলাদেশের দেশীয় ব্র্যান্ড। উল্লেখযোগ্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে সারাহ করিম কতুর, হাউস অব আহমেদ, হুমায়রা খান, সামারা হায়দার ডিজাইনস ও মুনস বুটিকসহ আরও অনেকে। এছাড়া কোরিয়া ও পাকিস্তান থেকেও আন্তর্জাতিক কিছু ব্র্যান্ড এই প্রদর্শনীতে যোগ দিয়েছে। এই বিশেষ আয়োজনের নেপথ্যে রয়েছেন তিন উদ্যোক্তা ও বান্ধবী—কাশফিয়া নেহরীন, সাবরীন খান এবং ফার্স ফারুক। তাদের প্রতিষ্ঠান "এমস্কয়ার ফিট" প্রতি বছর তিনবার এ ধরনের মেলার আয়োজন করে থাকে। আয়োজকদের মতে, এটি কেবল কেনাকাটার জায়গা নয়, বরং বিয়ের উৎসবকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অভিজ্ঞতা। হবু বর-কনে ছাড়াও সব বয়সের মানুষ এই উৎসবে শামিল হচ্ছেন।
রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ওয়েডিং ফেস্ট। দেশি-বিদেশি দুই শতাধিক ব্র্যান্ডের অংশগ্রহণে বিয়ের পোশাক, গয়না ও ঘরসজ্জার সামগ্রী নিয়ে আয়োজিত এই মেলাটি এখন উৎসবমুখর।


0 Comments