দীর্ঘ বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে তার আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বক্স অফিসে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। আগামী বড়দিনে শাহরুখের মুখোমুখি হতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা নাগার্জুন। ফলে একই দিনে দুই প্রজন্মের দুই মহাতারকার লড়াই দেখার অপেক্ষায় চলচ্চিত্র প্রেমীরা।
টানা তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর প্রায় তিন বছর বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। আগামী ২৪ ডিসেম্বর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে তার পর্দায় ফেরার কথা রয়েছে। অন্যদিকে, একই দিনে মুক্তি পাবে নাগার্জুনের ক্যারিয়ারের ১০০তম চলচ্চিত্র ‘কিং ১০০’। সম্প্রতি নাগার্জুনের ৬৭তম জন্মদিন উপলক্ষে ছবিটির দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে বেশ স্টাইলিশ লুকে দেখা গেছে।
অন্নপূর্ণা স্টুডিওস প্রযোজিত এবং এ আর কার্তিক পরিচালিত এই সিনেমায় নাগার্জুনের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী টাবু। এর মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর আবারও পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি। এর আগে ১৯৯৯ সালে ‘সিসিন্দ্রি’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। একদিকে শাহরুখের রাজকীয় প্রত্যাবর্তন আর অন্যদিকে নাগার্জুনের ক্যারিয়ারের মাইলফলক ছোঁয়া সিনেমা—সব মিলিয়ে বড়দিনের বক্স অফিস লড়াই এখন আলোচনার তুঙ্গে। দর্শকদের এখন দেখার বিষয়, বছরের শেষের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার সিনেমা বক্স অফিসে রাজত্ব করে।
বড়দিনে বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন শাহরুখ খান ও নাগার্জুন। একই দিনে মুক্তি পাচ্ছে শাহরুখের কিং এবং নাগার্জুনের ১০০তম সিনেমা কিং ১০০। দুই তারকার এই লড়াই নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বইছে আলোচনার ঝড়।


0 Comments