২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সাতটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার প্রাথমিক সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে এবং বাকিগুলোর পরীক্ষা আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মাধ্যমে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হবে ৮ জানুয়ারি। ৮, ৯ ও ১৬ জানুয়ারি বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন করা যাবে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি শুরু হয়ে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ২৯ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবার চবি ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কিছু ইউনিটের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। চবিতে আবেদনের সময়সীমা ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরীক্ষা ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। কুয়েটের পরীক্ষা এবার খুলনা, ঢাকা ও রাজশাহীতে একযোগে নেওয়া হবে। এছাড়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এই সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ ও আবেদনের বিস্তারিত তথ্য জেনে নিন।


0 Comments