জাতীয় সংসদে প্রশ্নোত্তরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আচরণের তীব্র সমালোচনা করে সংসদ কক্ষ ত্যাগ করেছেন বিরোধী দলীয় সদস্যরা। বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্তব্যের মাধ্যমে বিরোধী দলের সদস্যদের বক্তব্যকে উপেক্ষা ও তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছেন। বৃহস্পতিবার রাতে সংসদ থেকে ওয়াকআউট করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শাহবাগের আন্দোলনের ফসল হয়েও এখন বিরোধী দলের বক্তব্যকে অবজ্ঞা করছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার উন্নয়ন তহবিল বণ্টনের ক্ষেত্রে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি চরম বৈষম্য প্রদর্শন করছে, যা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার পরিপন্থী। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বাজেট বরাদ্দ না দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিরোধীদলীয় উপনেতা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যের কারণে সাধারণ মানুষ দিশেহারা। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ বলেও তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বর্তমানে বিরোধী দলের সঙ্গে যে আচরণ করছে, তা অতীতের যেকোনো সময়ের চেয়ে নেতিবাচক।
এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিলগুলো তড়িঘড়ি করে পাস করার মাধ্যমে সরকার সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করছে। বিরোধী দলের যৌক্তিক দাবি ও প্রশ্নগুলোকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট। উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।


0 Comments