কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন সুগন্ধা ও কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পটির পরিবেশগত প্রভাব বিবেচনায় নিয়ে এটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অবকাঠামো উন্নয়নের প্রয়োজন থাকলেও প্রাকৃতিক বালিয়াড়ি ও উপকূলীয় উদ্ভিদ ধ্বংস করে এমন প্রকল্প টেকসই উন্নয়নের পরিপন্থী। তিনি উল্লেখ করেন, এই বালিয়াড়িগুলো ঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। এগুলো নষ্ট হলে দীর্ঘমেয়াদে উপকূলীয় জলবায়ু সহনশীলতা ঝুঁকির মুখে পড়বে। ড. ইফতেখারুজ্জামান আরও জানান, জাইকার নিজস্ব গাইডলাইন এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে জাপান ও বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকারসমূহ এই প্রকল্পের ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে আরও দুর্বল করে এমন কোনো প্রকল্প জনস্বার্থের অনুকূল হতে পারে না। টিআইবি জাইকা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যাতে প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাবের তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়। একইসঙ্গে একটি স্বাধীন ও নিরপেক্ষ কারিগরি পর্যালোচনার মাধ্যমে প্রকল্পের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি। যদি ইতোমধ্যে কোনো ক্ষতি হয়ে থাকে, তবে তা পুনরুদ্ধারে কার্যকর পরিকল্পনা গ্রহণেরও তাগিদ দেওয়া হয়েছে।
কক্সবাজারের সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও বাঁধ নির্মাণের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি। পরিবেশ রক্ষায় প্রকল্পটি পুনর্বিবেচনা ও জাইকার নীতিমালা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।


0 Comments