দেশের তিনটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পুলিশের আরও ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গত রবিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. ফলজে এলাহীকে মাদারীপুরের এসপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুহাম্মদ তালেবুর রহমানকে পিরোজপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে পিরোজপুরের এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ স্টাফ কলেজের এসপি শামীমা ইয়াসমিনকে ঢাকার টিডিএসে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিনকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগমকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।
তৃতীয় প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একইসাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনার কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগসহ পুলিশের ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে নতুন এসপি দায়িত্ব পেয়েছেন।


0 Comments