কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা এবার সুবর্ণজয়ন্তীতে পদার্পণ করছে। ৫০তম এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২৪ সদস্যের একটি বিশেষ উপদেষ্টা কমিটি গঠন করেছে। এই কমিটিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আরএসএসের মুখপত্র ‘ভারতীয় জনবার্তা’র প্রতিনিধি। এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিনিধিরাও এই পরামর্শক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলার মূল আয়োজক হিসেবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডই দায়িত্ব পালন করবে। তবে মেলাকে আরও জাঁকজমকপূর্ণ করতে গিল্ডের পাশাপাশি পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র এবং ন্যাশনাল বুক ট্রাস্টকেও যুক্ত করা হয়েছে। উপদেষ্টা কমিটিতে সাংবাদিক প্রসেনজিৎ বকসি, অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, মোহিত রায়, অনিল আচার্য, সপ্তর্ষি চৌধুরী, ওসমান গনি এবং রাজকুমার বর্মণসহ বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
এবারের বইমেলার থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর। এর পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ বছর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকের শতবর্ষকেও থিম হিসেবে রাখা হয়েছে। আগামী ২২ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেলা প্রাঙ্গণে এই উৎসব শুরু হবে এবং চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে জানিয়েছেন, গিল্ডের চারজন সদস্যসহ বিভিন্ন স্তরের কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা এই কমিটিতে রয়েছেন। কমিটির সদস্য সপ্তর্ষি চৌধুরী জানান, এই পদক্ষেপের মাধ্যমে সরকার স্পষ্ট করেছে যে তারা মেলা নিয়ন্ত্রণ করবে না, বরং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। গিল্ডের বর্তমান সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় তাদের পদে থেকেই মেলার কার্যক্রম পরিচালনা করবেন।
সুবর্ণজয়ন্তীতে পা দিচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা। এই উপলক্ষে আরএসএসের মুখপত্রসহ ২৪ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ২২ জানুয়ারি থেকে সল্টলেকে শুরু হবে এই আয়োজন।


0 Comments