যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বৃদ্ধি পেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।
সোমবার ভোরের দিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.২৩ শতাংশ বা ১.০৮ ডলার বেড়ে প্রতি ব্যারেল ৮৯.১৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের দাম ১.১০ শতাংশ বা ৯২ সেন্ট বেড়ে ৮৪.৩২ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, ভূ-রাজনৈতিক এই পরিস্থিতি তেলের বাজারকে আবারও অস্থিতিশীল করে তুলেছে। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে জানান, বাজার বর্তমানে চরম উত্তেজনার একটি পর্যায়ে প্রবেশ করেছে। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ায় ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই তেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।


0 Comments