জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন কক্সবাজারের কৃতি সন্তান তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা। এই সাফল্যের মাধ্যমে তিনি নিজ জেলার জন্য অনন্য গৌরব বয়ে এনেছেন। ছোটবেলা থেকেই জাতীয় পর্যায়ে খেলে মাননীয় মন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের যে স্বপ্ন স্নেহা দেখতেন, এই অর্জনের মধ্য দিয়ে তা বাস্তবে রূপ নিল।
দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা এবং পরিবারের অনুপ্রেরণায় স্নেহা এই সাফল্য পেয়েছেন। কেবল খেলাধুলা নয়, সাংস্কৃতিক অঙ্গনেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। শৈশব থেকেই তিনি নৃত্য, লোকসঙ্গীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক গান, হামদ-নাত, কবিতা আবৃত্তি ও ছড়াগান প্রতিযোগিতায় বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব দেখিয়েছেন। এছাড়া যন্ত্রসংগীতে গিটার বাজিয়ে জেলা পর্যায়ে এবং চিত্রাঙ্কনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি।
বর্তমানে স্নেহা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে কারাতে ও জুডো বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহার বাবা ন. জ. ম. এজাজ আল হাবিব চৌধুরী একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মা নূর-ই জান্নাত সিলভী একটি এনজিওতে কর্মরত। তাদের স্থায়ী নিবাস কক্সবাজার সদর উপজেলার হাসপাতাল সড়কের হাবিবা মঞ্জিল। তিনি একটি উচ্চশিক্ষিত পরিবারের সন্তান। তার দাদা মরহুম আলহাজ্জ প্রফেসর নুরুল আলম চৌধুরী, দাদী আলহাজ্জ ছালেহা বেগম, নানা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ ফেরদৌস আহমেদ এবং নানী অবসরপ্রাপ্ত শিক্ষিকা আলেয়া বেগম।
সাফল্যের অনুভূতি জানিয়ে স্নেহা বলেন, জাতীয় পর্যায়ে পদক জয় এবং মন্ত্রীর হাত থেকে পুরস্কার পাওয়া ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন। এই অর্জনে আমার বাবা-মা, প্রশিক্ষক ও শিক্ষকদের অবদান অপরিসীম। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের হয়ে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। তার এই সাফল্যে কক্সবাজারের ক্রীড়াঙ্গন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতায় জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জিতে কক্সবাজারের নাম উজ্জ্বল করেছেন তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা। মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে পূরণ করেছেন নিজের লালিত স্বপ্ন।


0 Comments