জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবং সরকার ঘোষিত 'নজরুল বর্ষ-২০২৬' উপলক্ষে বরগুনায় আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটেছে। গত বৃহস্পতিবার ২রা জুলাই বিকেলে শুরু হওয়া এই জাঁকজমকপূর্ণ উৎসবটি শনিবার ৪ঠা জুলাই রাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ। এছাড়াও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, পাবলিক প্রসিকিউটর নূরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাবেক সভাপতি মনির হোসেন কামাল এবং বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
তারিক বিন আনসারি সুমন ও ইফরাত ইমার সঞ্চালনায় তিন দিনের এই আয়োজনে ছিল আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, নজরুলসংগীত এবং নৃত্য। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কবির জীবন ও দর্শন সম্পর্কে জানার সুযোগ পায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের সাম্য ও অসাম্প্রদায়িকতার আদর্শ বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি রক্ষায় অত্যন্ত জরুরি। উৎসবের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।
বরগুনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব শেষ হয়েছে। আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে কবির আদর্শ তুলে ধরা হয়।


0 Comments