কক্সবাজারের টেকনাফে বাড়ির পাশের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শফি উল্লাহ (২৩) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত শফি উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরাতন পাড়ার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে এবং হ্নীলার মাঈনুদ্দীন মেমোরিয়াল ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে বাড়ির রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষ জহির আহমদ ও তাঁর ছেলে ইসমাইল, ইসহাক, ইদ্রিস ও ইলিয়াসসহ আরও কয়েকজন শফি উল্লাহর ওপর হামলা চালান। এ সময় তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর ও মাথায় আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এবং আজ ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের বড় ভাই হাবিব উল্লাহ জানান, রাস্তার বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালায়। শফি উল্লাহর বাবা মুক্তার আহমদ বলেন, হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে কয়েকবার বমি করেছিল।
টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শুভ মিত্র ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, চাচাতো ভাইদের সঙ্গে রাস্তার ব্যবহার নিয়ে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত জহির আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
টেকনাফে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শফি উল্লাহ নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।


0 Comments