চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবজাতকের মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ফেনী জেলার সোনাগাজী এলাকার বাসিন্দা আমির হোসেন, সুফিয়া খাতুন ও বিউটি বেগম। রোববার সকাল সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ বাইপাসের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও মর্ডান হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ মো. আক্তার হোসেন এলিট জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে একটি পিকআপ হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মাছবাহী আরেকটি পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এসময় চট্টগ্রাম থেকে আসা দ্রুতগামী নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে মাছবাহী পিকআপের পেছনে সজোরে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা স্বজনরা গুরুতর আহত হলেও মৃত নবজাতকের মা মনোয়ারা বেগম ও অন্য একজন অক্ষত রয়েছেন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। স্বজনদের সূত্রে জানা যায়, তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার জানান, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দিলে বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সীতাকুণ্ডে নবজাতকের মরদেহবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ স্বজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে আইনগত ব্যবস্থা নিচ্ছে।
-6a49ee8e82629.webp)

0 Comments