বরিশাল জেলার গৌরনদী উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হতেই পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। দলীয় প্রতীকের বাধ্যবাধকতা না থাকায় এবারের নির্বাচনে ভিন্ন এক সমীকরণ তৈরি হয়েছে। রাজপথের প্রধান দল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক হেভিওয়েট প্রার্থী স্বতন্ত্রভাবে মাঠে নেমেছেন। প্রায় ১ লাখ ২৫ হাজার ভোটারের এই জনপদে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা চার শতাধিক ছাড়িয়েছে।
উপজেলা চেয়ারম্যান পদে মূলত পঞ্চমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিএনপিতে তীব্র অভ্যন্তরীণ প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। দলটির হয়ে জোরালো গণসংযোগ চালাচ্ছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিঞা, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব এবং জেলা উত্তর বিএনপির সদস্য মনঞ্জুরুল আহসান মিলন। এই তিন নেতার পাশাপাশি ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর সাবেক নায়েবে আমির আমিনুল ইসলাম খসরু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।
পৌর মেয়র পদে ৭ জন প্রার্থী মাঠ গরম করে রেখেছেন। বিএনপির মনোনয়ন ও সমর্থনের প্রত্যাশায় মাঠে নেমেছেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং সাবেক পৌর মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়া। তাদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন গৌরনদী পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের ওবায়দুল হক নবী মিঞা এবং গণঅধিকার পরিষদের পৌর শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম।
তৃণমূলের আসল উত্তাপ ছড়িয়ে পড়েছে সাধারণ কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের মেম্বার পদে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৫ জন এবং উপজেলার ৭টি ইউনিয়ন—খাঞ্জাপুর, বার্থী, চাঁদশী, নলচিড়া, শরিকল, মাহিলাড়া ও বাটাজোর-এ চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী মাঠে নেমেছেন। এছাড়া ৬৩টি ওয়ার্ডে মেম্বার পদের জন্য লড়ছেন প্রায় ৩৫০ জন প্রার্থী। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ দুই দশক পর এমন উন্মুক্ত পরিবেশে নির্বাচন হতে চলায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। ভোটাররা এবার সৎ, যোগ্য এবং বিপদে পাশে পাওয়া যায় এমন নেতৃত্ব বেছে নিতে মুখিয়ে আছেন।
তফসিল ঘোষণার আগেই বরিশালের গৌরনদীতে বইছে নির্বাচনী হাওয়া। উপজেলা ও পৌরসভা নির্বাচনে চার শতাধিক প্রার্থী মাঠে নেমেছেন। বড় দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের প্রচারণায় মুখর এখন পুরো এলাকা।
-6a4a5abfe3380.webp)

0 Comments