ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানকে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানকে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি

জামালপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাসুদুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মাসুদুর রহমান দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৩৫২।

জিডি সূত্রে জানা যায়, মাদারগঞ্জের বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকার লেবু মিয়ার ছেলে তামিম আহম্মেদ সবুজের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত হন। গত রবিবার সন্ধ্যায় জামালপুর সদর থানার মালগুদাম রোড এলাকার ভাড়া বাসায় অবস্থানকালে সাংবাদিক মাসুদের হোয়াটসঅ্যাপে কল ও মেসেজ দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ সপরিবারে হত্যার হুমকি দেন সবুজ। অভিযুক্ত তামিম আহমেদ সবুজ মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী এবং জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি।

ঘটনার প্রেক্ষাপট হিসেবে জানা যায়, তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তার নিশু নামের এক নারীর দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে গত ৪ ও ৫ জুলাই সাংবাদিক মাসুদুর রহমান সংবাদ প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাদারগঞ্জ উপজেলা বিএনপি অভিযুক্ত সবুজকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয়।

সাংবাদিক মাসুদুর রহমান জানান, সংবাদ প্রকাশের পর থেকেই সবুজ তাকে ফোন ও মেসেজ দিয়ে বিরক্ত করছিলেন। এমনকি নিউজ সরিয়ে নেওয়ার বিনিময়ে তাকে ঘুষের প্রস্তাবও দেওয়া হয়। তিনি রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংক্ষেপে:
সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানকে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি

0 Comments