দেশে বিনিয়োগনির্ভর ও কর্মসংস্থানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে হলে অর্থ পাচার বন্ধ করা অপরিহার্য বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস (ডায়রা) আয়োজিত বেঙ্গল কনফারেন্সের দ্বিতীয় দিনে ‘ওয়ে ফরওয়ার্ড ফর এমার্জিং ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি উল্লেখ করেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এই পাচার বন্ধ হলে দেশে বিনিয়োগের চাপ তৈরি হবে এবং পুঁজি অলস বসে থাকবে না।
প্রতিমন্ত্রী আরও জানান, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য দক্ষ জনশক্তি তৈরি করা জরুরি। এ লক্ষ্যে সরকার শিক্ষা ও উৎপাদন খাতের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের চেষ্টা করছে। জ্বালানি খাতের সংকট সমাধানে ‘আত্মনির্ভর জ্বালানি নীতি’ গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ১০ বছরের মধ্যে ২০ শতাংশ জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যবসার প্রতিবন্ধকতা দূর করতে ২ দিনে লাইসেন্স প্রদান এবং ৭ দিনের মধ্যে ইউটিলিটি সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইসিটি, ইলেকট্রনিকস ও অ্যাগ্রো-প্রসেসিংয়ের মতো নতুন ৮-১০টি বিনিয়োগ ক্ষেত্র তৈরির তথ্যও দেন তিনি।
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান উৎপাদনশীলতাকে অর্থনীতির প্রধান বিষয় হিসেবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ কাজী ফয়সাল বিন সিরাজ পুরো সিস্টেমের ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন। নিউএজ গ্রুপের ভাইস চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ব্যবসা শুরুর ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থার অনুমোদন ও ছাড়পত্রের জটিলতা নিরসনের দাবি জানান। এছাড়া ব্রেইন স্টেশন ২৩ পিএলসির পরিচালক মিজানুর রহমান এবং আইফারমারের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মাকামে মাহমুদ নীতিগত প্রতিবন্ধকতা ও লালফিতার দৌরাত্ম্য দূর করার ওপর জোর দেন।
দেশে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়তে অর্থ পাচার বন্ধের ওপর গুরুত্ব দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এছাড়া ব্যবসা সহজ করতে লাইসেন্স ও ইউটিলিটি সেবায় আমূল পরিবর্তনের কথা জানান তিনি।


0 Comments