রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে সামনে রেখে গত ২ মে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ছিল ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে থাকা শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। তিনি খুদে ক্রীড়াবিদদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন ও হাত মেলান। এসময় প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা মাঠে বসে উপভোগ করেন। এছাড়া স্কুল শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও দেখেন তিনি।
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে এই আসরের যাত্রা শুরু হয়। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে অ্যাথলেট আটটি ভিন্ন ডিসিপ্লিনে অংশ নেয়। তৃণমূল থেকে প্রতিভা বাছাইয়ের পর জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে খুদে ক্রীড়াবিদদের নৈপুণ্য উপভোগ করেন তিনি।


0 Comments